'যারা ১০০ কোটি পারিশ্রমিক নেন, তারা ইন্ডাস্ট্রির ক্ষতি চান'

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম

পর্দায় তার উপস্থিতি এক মুহূর্তের হলেও, সেটাই দাগ কেটে যায়। তার মতো শক্তিশালী অভিনেতা হাতেগোনা। তিনি নওয়াজ। 'মান্টো', 'লাঞ্চবক্স' কিংবা 'বদলাপুর' খ্যাত নওয়াজউদ্দিন সিদ্দিকি। তারকাসুলভ নয়, সাদামাটা জীবনে স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, 'হাজার কোটি পারিশ্রমিক নিয়ে নায়করা আসলে ছবির ক্ষতি করছেন।'

শিল্পী হিসাবে শিল্পের গুরুত্বই তার কাছে আগে। আত্মবীক্ষণের মধ্যে দিয়ে না গেলে ক্লান্তি বোধ করেন। যেমনটা করছিলেন বছর তিনেক আগেও। পর পর কাজ। বিধ্বস্ত লাগছিল অভিনেতার। জানালেন, আশীর্বাদের মতো মহামারী এসে পড়ায় খানিক বিরতি পেয়েছিলেন। ফিরে গিয়েছিলেন দেরাদুনের ফার্মহাউজ ঘুরে নিজের বাড়িতে। সেই অবসরযাপনের পর কাজে ফিরে এখন ভালো লাগছে নওয়াজের।

কতটা বদলেছে ইন্ডাস্ট্রি? সেই বদল ইতিবাচক না নেতিবাচক? জানতে চাইলে অভিনেতার জবাব, 'দর্শকের চিন্তাভাবনা এগিয়ে গিয়েছে, পেছনে পড়ে আছেন আমাদের তারকারা। সিনেমাও পেছনের দিকে হাঁটছে। তা হলে কেন দেখবেন এখনকার মানুষ? এখন তো ওটিটির সুবিধা রয়েছে।'

নওয়াজের মতে, তারাখচিত ইন্ডাস্ট্রির ধারণা এবার বদলাতে চলেছে। অভিনেতাদের গুরুত্ব বাড়ছে। তবে কি শিল্পীরা ব্যবসা ভুলে শুধুই কাজ নিয়ে ভাববেন? নওয়াজ বললেন, 'বক্স অফিসের নম্বর দেখা প্রযোজকদের কাজ। ছবির টিকিট বিক্রি হলো কি না, সেই চিন্তা অভিনেতারা কেন করবেন? আমি এখানে দুর্নীতির গন্ধ পাই। যে তারকারা ১০০ কোটি টাকা পারিশ্রমিক চান, তারা আসলে ইন্ডাস্ট্রিরই ক্ষতি চান। অল্প বাজেটের ছবি হলে কখনও লোকসানের বোঝা টানতে হয় না।'

নওয়াজ সাফ জানান, ছবির থেকে বাজেটের ভার বেশি হলে সেই প্রকল্প মুখ থুবড়ে পড়তে বাধ্য। ফিল্মের বাজেটই আসলে ছবির সাফল্য বা ব্যর্থতার কারণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত