মরক্কো ভয়ের ফ্রান্সের জন্যও

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:১২ এএম

পর্তুগাল-মরক্কো ম্যাচ নিয়ে আমার কলামে লিখেছিলাম, ‘আরেকটা মরক্কো চমক হতেই পারে।’ হ্যাঁ, সেটাই হলো। তবে এবার আর চমক বলতে চাই না। যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে পা রাখল আফ্রিকার দেশটি। তাদের কৌশলের কাছে হার মানতে বাধ্য হলো পর্তুগাল।

পর্তুগাল যত সুযোগই তৈরি করুক, মরক্কোর মিডফিল্ডার বা ডিফেন্ডাররা কখনোই তাদের জায়গা দেয়নি। পরাস্ত হলেও সঙ্গে সঙ্গে বল কাড়ার চেষ্টা করেছে। হাল ছাড়েনি। প্রতিপক্ষ খেলোয়াড় যখন পরাস্ত হওয়ার পর ছেড়ে দেয়, তখন সিদ্ধান্ত নেওয়া যায় বল নিয়ে আমি কী করব। কিন্তু কেউ পরাস্ত হওয়ার পর পেছন পেছন আসতে থাকলে তখন আসলে পরের কাজটা ঠিকঠাক করা যায় না। সেই হিসাব করলে বলব মরক্কো সবসময় লড়াইয়ের মানসিকতায় ছিল। ওদের অধিনায়ক রোমান সাইস ব্যথা পাওয়ার পর বসে গেলেও খেলায় তার প্রভাব পড়েনি। সোফিয়ান আমরাবাত আবারও সবাইকে মুগ্ধ করেছে নিজের পারফরম্যান্সে।

এখন সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে হবে মরক্কোকে। রোমান সাইস খেলতে না পারলে দলের জন্য সেটা বড় ধাক্কা হবে। তবে এখন আর হারানোর কিছু নেই তাদের। তাই ফ্রান্সকেও পরাস্ত করার চেষ্টা করবে তারা। বলতেই হয়, এই মরক্কো ভয়ের ফ্রান্সের জন্যও।

তবে এমনিতে হিসাবে করলে ফ্রান্স অবশ্যই এগিয়ে থেকে মাঠে নামবে। মরক্কোর ইতিহাস গড়া জয়ের দিনেই আরেক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচের বিশ্লেষণে যদি আসি, ইংল্যান্ড বল পজিশন বেশি রেখেছে। দুটি পেনাল্টি পেয়েছে ইংল্যান্ড। আমি বলব দুটিই তাদের বোকার মতো উপহার দিয়েছে ফ্রান্স। এই মানের খেলোয়াড়দের কাছ থেকে এটা আশা করার মতো না। হ্যারি কেইন অবশ্য দ্বিতীয় পেনাল্টিটা মিস করল। ওই মিসটা না হলে খেলা হয়তো অতিরিক্ত সময়ে গড়াত।

ফ্রান্স ও মরক্কোর মধ্যে ফাইনালে ওঠার লড়াই হবে। আরেক সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ক্রোয়াটদের বিপক্ষে ব্রাজিল তো প্রায়ই ম্যাচ বের করে নিয়েছিল। গত বিশ্বকাপের পারফরম্যান্সসহ যদি চিন্তা করি, ফ্রান্সের মতো ক্রোয়েশিয়াও দারুণ পেশাদার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণটা খুব ভালো। মিডফিল্ড তো বিশ্বমানের। তবে এবারের আর্জেন্টিনাও আবার একেবারে ভিন্ন দল। বিশেষ করে লিওনেল মেসি তো অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ দল কোনো প্ল্যানেই তাকে আটকাতে পারছে না। পার্থক্য গড়ে দিচ্ছেন। তাই মেসির জন্য আর্জেন্টিনাই এগিয়ে থাকবে বলে আমি মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত