ময়মনসিংহে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোনা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিন সকাল ৮টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ-নাসিরাবাদ এক্সপ্রেস নামের মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে প্রায় তিন ঘণ্টা পর ওই রুটে ট্রেন যোগাযাগ স্বাভাবিক হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মদ বলেন, ‘লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর গন্তব্যের উদ্দশে ছেড়ে গেছে। এখন ময়মনসিংহ-নেত্রকোনা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
