কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের রিট

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ এএম

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে শুনানির জন্য ধার্য আছে।

গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এরপর গতকাল সোমবার এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত