যেন পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন রোনালদো। দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফি দেখতে চান। কিন্তু এবার আরেক সাক্ষাৎকারে বললেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে মোটেও খুশি হবে না তিনি।
রোনালদোর দেশ ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। সেমিফাইনালে সেই ক্রোয়েশিয়াকে হারিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে দলটি।
এমন অবস্থায় ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক রোনালদো মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘যদি বলি আর্জেন্টিনা জিতলে খুশি হব, সেটা মিথ্যে বলা হবে। আমি ভণ্ডামি করতে পারব না।’
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন রোনালদো। তার দাবি, ‘আর্জেন্টিনা মোটেই ভাল খেলছে না। তবে তাদের আকাঙ্খা অনেক বেশি। তারা হৃদয় দিয়ে দৌড়ে খেলছে। তাছাড়া তাদের লিওনেল মেসি আছে, যে ফাইনাল থার্ডে পার্থক্য গড়ে দিচ্ছে।’
ব্রাজিলকে শেষবারের মত কাপ এনে দিয়েছিলেন রোনালদো। সেটা ছিল ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়। সেলেসাও কিংবদন্তি দুইবার ব্যালন ডি’অর জিতেছেন। দেশের জার্সিতে রয়েছে অজস্র মুকুট। বিশ্বকাপ তো বটেই, ট্রফি ক্যাবিনেটে রয়েছে কনফেডারেশন কাপ, কোপা আমেরিকাও।
