কাতার বিশ্বকাপের ট্রফিটা লিওনেল মেসির হাতেই দেখতে চাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনলদো।
এমনিতে দুই লাতিন প্রতিবেশি ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী। মেসির সফলতা মানে আর্জেন্টিনার সফলতা। প্রতিবেশীদের বিজয়ীর বেশে দেখাটা যে সুখকর হবে না সেটাও মানছেন রোনালদো।
এরপরও ‘দা ফেনোমেনোন’ এর চাওয়া মেসির সফলতা। সোমবার স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেন, ‘মেসি বিশ্বকাপ জিতলে আমি খুশি হব।’
২০০২ বিশ্বকাপের নায়কের মতে, ‘আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলছে না। তবে তাদের ইচ্ছাশক্তি প্রবল, তারা সবাই একসঙ্গে ছুটছে। ব্যক্তিগতভাবে, সে (মেসি) জিততে পারলে আমি তার জন্য খুশি হব।’
ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা।
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। না হলে এবার সেমিফাইনাল হতে পারত ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে। সেটা হলে অবশ্য মেসির সাফল্য চাইতেন না রোনালদো।
