স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ ও আবাসন-পরিবহন সংকট নিরসনের দাবিতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ব্রজমোহন (বিএম) কলেজ জিরো পয়েন্টে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্র নেতৃবৃন্দরা ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, আবাসন-পরিবহন সংকট নিরসন করার দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিয়ান মাহমুদ রাকিব, মহানগর শাখার সদস্য লিয়া মনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল পরীক্ষা গ্রহণের কেন্দ্র নয় প্রকৃত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত কলেজগুলোতে ২১০ দিন ক্লাস নেওয়ার কথা বলা থাকলেও পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষার হল না থাকায় বাস্তবে ৭০-৮০ দিনের বেশি ক্লাস হয় না। ফলে সিলেবাস সম্পূর্ণ না করেই পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
বক্তারা আরও বলেন, বিএম কলেজে ২৮ হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষা গ্রহণ করতে আসে। কিন্তু সেই তুলনায় কলেজে আবাসন সংখ্যা খুবই সীমিত। আবার ২৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৩টি বাস দিয়ে পরিবহন খাত দায়সারাভাবে কাজ চালাচ্ছে।
আরও বলেন, চিকিৎসা কেন্দ্র খাতে শিক্ষার্থীরা ফি দিলেও ২০২০ সাল থেকে চিকিৎসা কেন্দ্র বন্ধ রয়েছে, নেই ক্যান্টিনে খাবারের জন্য কোনো সুব্যবস্থা। এসব সমস্যা নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
