প্রাথমিকে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ, যেভাবে জানা যাবে ফল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শূন্য পদের সংখ্যা বলা হলেও পদসংখ্যা বাড়িয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা মোবাইল নম্বরে ফলাফলের এসএমএস পাবেন। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে। 

এ নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হলো। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত