রঞ্জি ট্রফির অভিষেকেই সেঞ্চুরি অর্জুন টেন্ডুলকারের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

৩৪ বছর আগে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে ঘোষণা করে দিয়েছিলেন, এক নতুন প্রতিভার উদয় হয়েছে। ৩৪ বছর পর তারই ছেলে ছুঁয়ে ফেললেন বাবাকে। প্রায় ৩৫ বছরের ক্যারিয়ারে সেঞ্চুরির জন্যই বিখ্যাত ছিলেন তিনি। ফরম্যাট যাই হোক না কেন, শচীন টেন্ডুলকার সেঞ্চুরি পাননি, এমনটা কখনোই হয়নি। মাস্টারব্লাস্টার অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। বাবার কাজটা এবার এগিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে।

গোয়ার হয়ে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন অর্জুন। মূলতঃ তিনি বাঁ হাতি পেস বোলার। কিন্তু বাবার প্রতিভার ছিটেফোঁটা যে ছেলের মধ্যেও থাকবে, তাতে আর আশ্চর্য কী!

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রথম দিনের শেষবেলায় ব্যাট করতে নেমেছিলেন ৭ নম্বরে। রাজস্থানের বিরুদ্ধে তখন টিম চাপে। টিমের রান তখন ২০১, ৫ উইকেটে। এক দিকে সুরেশ প্রভুদেশাই চেষ্টা করছেন টিমকে বিপদমুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার। অর্জুন সাত নম্বরে নামলেও শুরু থেকেই ধৈর্য দেখিয়েছেন। তারই ফল পেলেন ১৭৮ বলে সেঞ্চুরি করে। ১১২ রানের চমৎকার ইনিংস খেলে তিনি নট আউট রয়েছেন। ইনিংসে রয়েছে ১৫ চার আর দুটো বিশাল ছয়। আর তাতেই গোয়ার স্কোর দাঁড়িয়েছে ৪১০, ৫ উইকেটে। অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। বাবা একটা সময় দেশকে বিপদ থেকে উদ্ধার করতেন। সেই ঝলকই যেন দেখাচ্ছেন অর্জুন। কার্যত সারা দিন ব্যাট করেছেন ২১ বছরের তরুণ বাঁ হাতি ব্যাটার।

বাবার মতো মুম্বাইয়ের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা অর্জুনের। জুনিয়র টিমে নিয়মিত মুখ হলেও সিনিয়র টিমে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। তবে লিস্ট এ ম্যাচে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়েছিল তার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও বেশি সুযোগ পাওয়ার জন্যই তিনি গোয়ায় যোগ দিয়েছেন। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না। তার প্রমাণ মিলল প্রথম ম্যাচেই। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল টিমে থাকলেও অভিষেক হয়নি তার। তারপর থেকেই নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলেন অর্জুন। সেই কারণেই মুম্বাই ছেড়ে গোয়ায় যাওয়া। শচীন নিজেও চেয়েছিলেন অর্জুন যেন এমন কোনো টিমে খেলেন, যেখানে সুযোগ বেশি মিলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত