বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ে টাঙ্গাইলের মির্জাপুরে অনিক (১৫) নামে এক ব্রাজিল সমর্থক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অনিক উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে বানাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। অনিক ম্যাচটি বন্ধুদের সঙ্গে তার নানির বাড়ি গিয়ে উপভোগ করে। খেলা শেষে বাড়ি ফিরে অনিক নির্মাণাধীন ঘরে ঘুমাতে যায়। ভোরে অনিকের গোঙানির শব্দ পেয়ে তার বাবা ঘরে গিয়ে দেখেন অচেতন অবস্থায় সে মেঝেতে পড়ে আছে। পরে জানতে পারেন অনিক বিষপান করেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অনিক প্রাণে বেঁচে যায়।
অনিকের বাবা জাহঙ্গীর হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে খেলা দেখে বাড়ি ফিরে নতুন ঘরে অনিক ঘুমাতে যায়। ভোরে গোঙানির শব্দ শুনে ঘরে গিয়ে দেখি সে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসার পর সে বেঁচে যায়। অনিক ব্রাজিল সমর্থক।
বিষপানের কারণ সম্পর্কে জানতে চাইলে অনিক বলে, পরিবারে সমস্যা আছে।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. তাহেরা বেগম বলেন, অনিক কীটনাশক পান করেছিল। চিকিৎসার পর সে এখন শঙ্কামুক্ত আছে।
