ট্রফি দিয়ে মেসির ফেয়ারওয়েল— প্রত্যয়ী মার্টিনেজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

সৌদি আরবের সঙ্গে হেরে বিশ্বকাপ শুরু হয়েছিল আর্জেন্টিনার। সেই ধাক্কা সামলে এখন ফাইনালের মঞ্চে মেসির দল। বিশ্বকাপের শুরুতে যে ব্যর্থতার মুখে পড়েছিল আর্জেন্টিনা তা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। এমনও শোনা গিয়েছিল, আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। সেসব শঙ্কা কাটিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যারাডোনার দেশ।

সুপার সানডেতে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না কোচ লিওনেল স্কালোনি। ফ্রান্সকে হারিয়ে মেসিকে ফেয়ারওয়েল দিতে চান আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপে গ্রুপ পর্বে যেভাবে অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা, সেখান থেকে দিন দিন যে উন্নতি হয়েছে তা জানালেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে মার্টিনেজ বললেন, 'এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি আমাদের। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারতে হয়েছিল আমাদের। সেই সময় আমাদের ড্রেসিংরুমের পরিস্থিত ঠিক কী হয়েছিল, তা একমাত্র আমরাই জানতাম। সেই হারের ঘোর থেকে বেরিয়ে আসা খুব দরকার ছিল। এমনকি পরের ম্যাচেও আমাদের সেইভাবে দেখা যায়নি। কিন্তু তাও আমরা মেক্সিকোর বিরুদ্ধে ২ গোলে ম্যাচ জিতি। তবে এটা ঠিক, যেভাবে আমরা শুরু করেছিলাম এবং আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেদিক থেকে দেখেতে গেলে অনেকটাই উন্নতি করেছি।'

এক আর্জেন্টাইন সংবাদপত্রের মুখোমুখি হয়ে মার্টিনেজ আরও বলেছেন, 'গত ম্যাচে হাফ টাইমের সময় আমরা ঠিক করেছিলাম দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলব না। তাতে প্রতিপক্ষরা সুযোগ পেয়ে যাবে। কারণ তখনও ম্যাচ আমাদের আয়ত্বে আসেনি। নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম আমরা। আর তাতে সফল হয়েছি। তবে যাই হোক না কেন, সামনের লড়াইটা আরও কঠিন আমাদের জন্য। ফাইনালে কেউ ছেড়ে কথা বলবে না। ফলে ম্যাচটা দুই দলের কাছেই কঠিন হবে। তবে আমরা জানি বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব কতটা। ফলে এই ম্যাচের জন্য সবরকম প্রস্তুতি নিয়েই নামছি।'

এদিকে, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। শেষ বিশ্বকাপে এলএম ১০-কে খেতাব এনে দিতে চান সতীর্থরা।

মার্টিনেজ বলেন, 'মেসিকে আমি খুব ভালোবাসি। শুধু আমি নয়, গোটা দল মেসিকে ভালোবাসে। এটাই ওর শেষ বিশ্বকাপ। তাই আমরা চাই সবাই মিলে নিজেদের সেরাটা দিয়ে ওর হাতে বিশ্বকাপ এনে দিতে। এর থেকে বড় ফেয়ারওয়েল হয়ত আর কিছু হতে পারে না। এই বয়সে এখনও যেভাবে খেলছে তা সত্যি প্রশংসনীয়। অনেকেই তা পারবে না। ওর থেকে আমরা অনেক কিছু শিখেছি। শুধু আমরা নয়, গোটা ফুটবল বিশ্ব ওর থেকে শিখেছে। আমরা যদি ওর হাতে বিশ্বকাপ এনে দিতে পারি তাহলে সত্যি খুশি হব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত