স্ত্রী সাপের ভগাঙ্কুর বা ক্লিটোরিস রয়েছে বলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এক গবেষণায় বিস্তারিত জানিয়েছেন।
তারা বলেছেন, পূর্ববর্তী গবেষণায় সাপের এ অঙ্গকে ঘ্রাণ গ্রন্থি বা পুরুষ লিঙ্গের (পেনিস) অনুন্নত সংস্করণ হিসাবে ধারণা করা করেছিল।
প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, স্ত্রী সাপের দুটি আলাদা ভগাঙ্কুর রয়েছে- হেমিক্লিটোরিস যা টিস্যু দ্বারা পৃথক এবং লেজের নীচের অংশে ত্বক দ্বারা লুকানো।
বিজ্ঞানীরা বলছেন, স্ত্রী সাপের যৌনাঙ্গ তাদের সমকক্ষ পুরুষের তুলনায় উপেক্ষিত হয়ে আসছিল। যার ফলে তাদের যৌন প্রজনন সম্পর্কে আমাদের বোঝার সীমাবদ্ধ তৈরি হয়।
পুরুষ সাপ এবং টিকটিকির হেমিপেনিস (একাধিক পুরুষাঙ্গ) আছে বলে জানা যায়। তাদের এক জোড়া লিঙ্গ প্রজননের সময় শরীরের বাইরে চলে আসে। অনেক প্রজাতির মধ্যে, হেমিপেনিস কাঁটা বা হুকের মধ্যে আবৃত থাকে।
গবেষণার প্রধান লেখক এবং অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র মেগান ফলওয়েল বলেন, স্ত্রী যৌনাঙ্গ নিয়ে ট্যাবু থাকার কারণ সাপের ভগাঙ্কুর নিয়ে আগে তেমন ভাবনা তৈরি হয়নি।
তিনি বলেন, এটি খুঁজে বের করা সহজ জিনিস নয়। কারণ এ ক্লিটোরিস অত্যন্ত ক্ষুদ্র। প্রথমে একটি ডেথ অ্যাডারে (বিষাক্ত প্রজাতির সাপ) ভগাঙ্কুর পাই। যেখানে অঙ্গটি ‘হৃদয়ের মতো’ একটি ত্রিভুজ আকারের ছিল। আমার সৌভাগ্য যে ওই সাপের ক্লিটোরিস তুলনায় বড় ছিল।
সমীক্ষায় বলা হয়, মিলনের সময় সাপের যৌন অঙ্গগুলোর তাৎপর্যপূর্ণ কার্যকারিতা রয়েছে।
সাপের আচরণ সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন জানিয়ে ফলওয়েল বলেন, যোনি শিথিলকরণ এবং তৈলাক্তকরণের জন্য এক ধরনের উদ্দীপনা সংকেত তৈরি হয় যা নারী সাপকে সহবাসে সহায়তা করে। ফলে সঙ্গমের সময় পুরুষ সাপের হেমিপেনিসের হুক এবং কাঁটার ক্ষতি থেকে রক্ষা পায়। .
তিনি জানান, এ সময়ে ডিম্বাশয়কে ডিম্ব স্ফুটনের জন্য এবং ডিম্বনালীকে সম্ভাব্যভাবে শুক্রাণু সঞ্চয়ের জন্য প্রস্তুত করার সংকেত তৈরি হয়।
গবেষকরা নয় প্রজাতির ১০টি সাপকে ব্যবচ্ছেদ করেন।
গবেষণার সহ-লেখক এবং লো ট্রোব বিশ্ববিদ্যালয়ে নিউরোইকোলজিতে পোস্টডক্টরাল গবেষক ডা. জেনা ক্রো-রিডেল বলেন, কিছু ভগাঙ্কুর বেশ পেশীবহুল এবং বড় হয়। যার আকার এক মিলিমিটারের কম থেকে সাত মিলিমিটার পর্যন্ত হয়।
গবেষণায় দেখা গেছে যে হেমিক্লিটোরাস ‘ইরেক্টাইল টিস্যু’ দ্বারা গঠিত যা স্নায়ুর সঙ্গে যুক্ত এবং এটি আনন্দদায়ক হতে পারে বলেও অনুমান গবেষকদের।
খবর: দ্য গার্ডিয়ান।
