একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি ইদ্রিস আলী মোল্লা (৬২) অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কারারক্ষী আহসান হাবিব বলেন, ইদ্রিস আলী মোল্লা মানবতাবিরোধী অপরাধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। আজ সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারারক্ষীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
