রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনকেই আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আজ শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকার জামাল হাজীর ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জাহিদ মিয়া, তার স্ত্রী রুমা আক্তার, ছেলে ইয়াছিন, মেয়ে লাবণী আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরে থাকা সিলিন্ডারটি আগে থেকেই লিক ছিল। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সকালে রুমা আক্তার চুলায় আগুন দেওয়া মাত্রই ঘরের ভিতরে থাকা মশারিতে আগুন লেগে তারা আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যালে পাঠায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভোরে ডহরগাও এলাকায় জামাল হাজীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠায়। তবে তাদের মধ্যে জাহিদ ও তার স্ত্রী রুমা বেগমের অবস্থা গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত