দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকতে ঢাকা-লাহোর লড়াই
বিশ্বে দূষিত শহরের তালিকায় আবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল ৩০২, যা বর্তমানে (সকাল সাড়ে ১০টা) ২৮১ তে নেমে এসেছে। সে হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।
ক'দিন আগে ঢাকাকে পেছনে ফেলে শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছিল বর্তমানে তালিকায় দ্বিতীয়তে থাকা পাকিস্তানের লাহোর। আজ একিউআই স্কোর ২৭৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে লাহোর (এ মুহূর্তে ২৫৭)। আর সকাল সাড়ে ৯টায় ২৫৮ স্কোর নিয়ে তৃতীয়তে থাকা ভারতের রাজধানী দিল্লি এখন নেমে গেছে ৫-এ। তার স্থান নিয়েছে পাকিস্তানেরই আরেক দূষিত ও সবচেয়ে জনবহুল মহানগর করাচি, এখন যার একিউআই স্কোর ২৩৭।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে 'খুব অস্বাস্থ্যকর' এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়। ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
