নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নামের সঙ্গে ‘কালেক্টরেট’ যুক্ত করার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে জেলা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি করেছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে মানববন্ধনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেয়র আইভী বলেন, ‘প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবিগুলো না মানে তাহলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরাই যথেষ্ট। আমরা নিজেরাই স্কুলের বর্তমান সাইনবোর্ড খুলে ফেলব এবং স্কুলের মূল নামের সাইনবোর্ড টানিয়ে দেব। তবে আমরা এ কাজটি করতে চাই না। আমাদে যেন বাধ্য করা না হয়। আমরা আশা করি জেলা প্রশাসক আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান দেবেন। এ সময় তিন দফা দাবি বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান মেয়র আইভী।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন থাকলেও তাদের সঙ্গে কোনো আলোচনা না করে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সম্প্রতি ‘কালেক্টরেট’ শব্দ যুক্ত করে স্কুলটির নাম পাল্টে দিয়েছেন। শহরে সরকারিভাবে পরিচালিত একটি নির্ধারিত কালেক্টরেট স্কুল থাকা সত্ত্বেও ঐতিহ্যবাহী প্রিপারেটরি স্কুলের নামের সঙ্গে কালেক্টরেট শব্দ যুক্ত করা কোনোভাবেই তারা মানবেন না।
