ঝালকাঠির রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোহাম্মদ মাকিদ খানের বসতঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম।
আটক ব্যাংক কর্মকর্তার নাম আল মামুন ওরফে শামীম। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত।
অন্যরা হলেন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার কামরুল হোসেন জমাদ্দার, মজিবর জমাদ্দার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মহিদুল ইসলাম বাবু, দুলাল হাওলাদার, মহিদুল ইসলাম জমাদ্দার ও ইমাদুল সরদার।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় সাত জুয়াড়িকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
