গত শনিবার মৃত্যু হয় মুম্বাইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার। একটি সিরিয়ালের শ্যুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই তোলপাড় চলছে ঘটনাটি নিয়ে। গত রবিবার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তুনিশা শর্মার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তুনিশা ও শেজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরই মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা, যা তাকে আত্মহত্যার দিকে ঢেলে দিয়েছে বলে মনে করছে তার পরিবার। এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তুনিশা ও শেজানের মধ্যে ঝগড়া হয়। এমনকি সেটি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত। টিভি সিরিয়াল ‘আলিবাবা : দস্তান-ই-কাবুল’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন শেজান খান। একই ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশাও। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। ‘বারবার দেখো’, ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সুজয় ঘোষের ‘কাহানি টু’ সিনেমাতেও মিনি চরিত্রে দেখা গেছে তাকে। পরে ইতিহাসনির্ভর ‘ভারত কে বীর পুত্র মহারাণা প্রতাপ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘ইশক সুভান আল্লাহ’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে।
×
