টেক্সাস থেকে বাসভর্তি অভিবাসী ও শরণার্থীদের এনে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির পাশে নামিয়ে দেওয়া হয়েছে। বড়দিনে এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, এই পদক্ষেপ রিপাবলিকানদের রাজনৈতিক পদক্ষেপের একটি অংশ হতে পারে। হয়তো টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট অভিবাসী বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছেন। সামু ফার্স্ট রেসপন্স নামের ত্রাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা লাবোরডে বলেছেন, প্রায় ১১০ থেকে ১৩০ অভিবাসী ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে বাসে তুলে দেন টেক্সাসের কর্মকর্তারা। পরে তাদের ওয়াশিংটনে হিমশীতল তাপমাত্রার মাঝেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়। লাবোরডে আরও বলেন, অভিবাসীদের এই ভ্রমণের বিষয়ে তাদের অবগত করা হয়েছিল এবং শনিবার শেষ রাতে তাদের পৌঁছার অপেক্ষায় ছিলেন তারা। সেখানে অভিবাসীদের কম্বল দেওয়া হয়। এরপর শহরের একটি গির্জায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস হলেও অনেকের পরনে ছিল টি-শার্ট। এ বিষয়ে টেক্সাসের গভর্নরের কার্যালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
×
