থার্টিফার্স্ট নাইট

কুয়াকাটায় অগ্রিম বুকিং হচ্ছে হোটেল-মোটেল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৪:৫৫ এএম

বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে বরাবরই কুয়াকাটায় আগমন ঘটে হাজারো পর্যটকের। ২০২২ সালকে বিদায় জানিয়ে ২৩ সালে পদার্পণের সময়টাতে দেশের দূরদূরান্ত থেকে পর্যটকরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ উল্লাসে কাটাতে সাগরকন্যা খ্যাত এই পর্যটনকেন্দ্রে ইতিমধ্যে অগ্রিম হোটেল বুকিং দিয়েছে। আবার পর্যটকদের বাড়তি বিনোদন দিতে নতুনরূপে সেজেছে ভ্রমণ স্পটটিও।

সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্ন স্থানকে রঙিন লাইট, বেলুন দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়াও নতুনকে স্বাগত জানাতে বেশিরভাগ হোটেল ধুয়েমুছে পরিপাটি করে রেখা হয়েছে।

হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, থার্টিফার্স্ট নাইট ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ইতিমধ্যে  প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছুটা ফাঁকা রয়েছে। তবে এ উপলক্ষে কুয়াকাটায় পর্যটকদের আগমনটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন, ‘গত বড়দিনের পর থেকে আগামী থার্টিফার্স্ট নাইটের বন্ধ পর্যন্ত আমাদের সম্পূর্ণ রুম বুকড রয়েছে। তাই আমরা আলোকসজ্জা, ইনডোরে কনসার্ট, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন রেখেছি থার্টিফার্স্ট নাইটে।’

হোটেল সাগরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সাগর বলেন, ‘আগামী বন্ধ উপলক্ষে আমাদের ইতিমধ্যে ৬০ শতাংশ রুম অগ্রিম বুকিং পেয়েছি। আশা করি বাকিগুলোও হয়ে যাবে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল না হলে আগামী কয়েক মাস আমরা প্রতিটি বন্ধে বেশ ভালো পর্যটকদের বুকিং পাব এটা নিঃসন্দেহে বলা যায়।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বছরে যত বন্ধে কুয়াকাটা পর্যটকে টইটম্বুর থাকে তারমধ্যে থার্টিফার্স্ট নাইট অন্যতম। তাই এই বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন থাকে, তবে সরকারি অনেক বাধানিষেধ থাকায় আমরা বেশিরভাগ হোটেল মালিক ইনডোরে ছোট-ছোট প্রোগ্রাম করে পর্যটকদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির  জন্য হোটেলে হোটেলে সাজসজ্জা, নতুনত্ব, বিশেষ ছাড়সহ বিভিন্ন আয়োজন হাতে নেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত