দেশের স্বনামধন্য শিল্পকারখানায় কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে গাজীপুরে শুরু হচ্ছে চাকরির মেলা। গাজীপুর জেলা প্রশাসন ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ৭ ও ৮ জানুয়ারি দুদিনব্যাপী এ ‘চাকরি মেলা’ আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক আনিসুর রহমান।
তিনি বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ চাকরি মেলায় ছোট-বড় প্রায় ৪০টির মতো প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ ছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়নবিষয়ক তথ্য সংবলিত স্টল থাকবে। সেখানে ওইসব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের সঙ্গে দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করবেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের।
