৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ

অভিযোগ খতিয়ে দেখতে দুদককে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:০৩ এএম

সরকারিভাবে আমদানিকৃত ৫৮২ কোটি টাকা মূল্যের ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দরে খালাসের পর গুদামে না পাঠিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধান করে ৬০ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় ২০ জানুয়ারির মধ্যে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি) চেয়ারম্যানের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।

এ ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়। রুলে সার আত্মসাতের এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।

গতকাল একটি জাতীয় দৈনিকে ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে না পৌঁছে দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের ৫৮২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পোটন ট্রেডার্স সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন প্রতিষ্ঠান। তিনি সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি। পোটন ট্রেডার্সের সার আত্মসাতের এ বিষয়টি সারের আমদানিকারক শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসির তদন্তে উঠে এসেছে।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত বিষয়টি আমলে নিয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। আমরা এখন বিধি মোতাবেক কার্যক্রম শুরু করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত