আনোয়ারায় ১২ একর খাসজমি উদ্ধার

প্রভাবশালীদের উচ্ছেদ করে গৃহহীনদের ঠাঁই

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০১:০৫ এএম

চট্টগ্রামের আনোয়ারায় প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা সরকারি খাসজমিতে আশ্রয় হচ্ছে ভূমি ও গৃহহীন ৪১৫টি পরিবারের। সরকার বিনামূল্যে সেখানে তাদের জন্য উপহারের ঘর তৈরি করে দিচ্ছে। গৃহহীনদের ঘর দিতে এক বছর আগে এ জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার হাজীগাঁও, বরুমচড়া ও গুয়াপঞ্চক এলাকার প্রায় ১২ একর খাসজমি দখলমুক্ত করে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সেখানে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি তৈরি প্রায় সম্পন্ন। এসব জমির দাম ৬০ কোটি টাকার ওপরে। ভুয়া কাগজপত্র তৈরি করে এসব খাসজমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিলেন স্থানীয় প্রভাবশালীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আশ্রয়ণ-২ প্রকল্পের চার ধাপে উপজেলায় মোট ৪১৫টি উপহারের ঘর বরাদ্দ পাওয়া গেছে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা। এতে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরে দুটি শোবার কক্ষ, একটি বারান্দা, রান্নাঘর ও টয়লেট রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের চারধাপে উপজেলায় ৪১৫টি উপহারের ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে হাজীগাঁও গ্রামে ৩০৬টি, বরুমচড়ায় ৩৯টি ও গুয়াপঞ্চক গ্রামে ৩৫টি ঘর নির্মাণ করা হয়েছে। হাজীগাঁওয়ে আরও ৩৫টি ঘরের কাজ চলমান রয়েছে। আশা করছি আগামী মাসেই এসব ঘর হস্তান্তর করা হবে।

সম্প্রতি উপজেলার হাজীগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের লাল-সবুজ রঙের ঘরগুলো রোদে ঝিলমিল করছে। উপকারভোগীদের সুবিধার্থে রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকারি খাসজমি অবৈধভাবে দখলে নিয়ে প্রভাবশালীরা ভোগ করছিলেন। আমরা সেগুলো উদ্ধার করে গৃহহীনদের ঠাঁই দিয়েছি। এখানে যারা থাকছে, তারা নিজেদের মতো করে বাগান, চাষাবাদ, অটোরিকশা চালিয়ে কিংবা ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত