হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:০৫ পিএম

অস্ট্রেলিয়া ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের ‍তৃতীয় ও শেষ টেস্ট ড্র হয়েছে।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল বৃষ্টির দাপট। তিন দিনেও যেমন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়নি। শেষ পর্যন্ত চতুর্থ দিনেও বৃষ্টির দাপটের মাঝে ৪ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করে দেয় অজিরা। লক্ষ্য ছিল প্রতিপক্ষকে গুঁড়িয়ে জয় তুলে নেওয়া।

সেই সম্ভাবনাও জেগেছিল। ৬ উইকেটে ১৪৯ রান তুলে শনিবার চতুর্থ দিনের খেলা শেষ করেছিল প্রোটিয়ারা। রবিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংস ২৫৫ রানে গুটিয়ে যায়। ফলে ফলোঅনে পড়ে দলটি। শেষ পর্যন্ত সারেল এরভইয়ার ও হেইনরিখ ক্লাসেনের দৃঢ়তায় ম্যাচ ড্র করে তারা।

দিনের খেলা শেষ ঘোষণার আগে ২ উইকেটে ১০৬ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৭ রানে অধিনায়ক ডিন এলগারকে (২৫ বলে ১০) হারায়। তবে সারেল এরভইয়ার ও হেইনরিখ ক্লাসেন মাটি কামড়ে দাঁড়িয়ে যান।

ম্যাচের সেরা বোলার হ্যাজলউড ক্লাসেনকে ফেরালেও টেম্বা বাভুমা এসে দারুণ সঙ্গ দিতে থাকেন এরভইয়ারকে। ক্লাসেন ৬১ বলে ৩৫ রান করে ফেরেন। এরভইয়া ১২৫ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। বাভুমা ৪২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

৪৬ ম্যাচ পর কোনো টেস্ট ড্র করল দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৭ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল দলটি।

ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলা উসমান খাজা। সিরিজ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল অজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত