শাবিপ্রবিতে গবেষণা ও উদ্ভাবন সম্মেলন শুরু আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:৩০ এএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। গতকাল বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আরিফুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনে দেশ-বিদেশের প্রকৌশলী, শিক্ষক-শিক্ষার্থীরা উদ্ভাবন ও শিক্ষার উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র নিয়ে উপস্থিত থাকবেন।

সম্মেলনে বাংলাদেশসহ ১৪টি দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক গবেষকের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। নিবন্ধন ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মেলনে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইফতে খাইরুল আমিন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত