মানবাধিকার পদক ও সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:১৪ এএম

দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিশেষ করে করোনা মহামারীকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশের (বিএইচআরবি) উদ্যোগে আরও ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব।

পুরস্কার গ্রহণ করে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ মানবাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে কাজ করে সেগুলোর অধিকাংশের খবর আমরা রাখি না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মানবতার জন্য, দেশের জন্য যে অবদান রাখছেন তা বলতে গেলে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগবে। শুধু এটুকু বলি, বসুন্ধরা গ্রুপের সেøাগান হচ্ছে দেশ এবং মানুষের কল্যাণে। তিনি প্রকৃত অর্থেই দেশ এবং মানুষের কল্যাণে কাজ করছেন।’

পদক ও সম্মাননা প্রদান শেষে ‘রক্তস্নাত বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার পাঁচ দশক’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি (সাফ), বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আলোকিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আজকের এ পদক ও সম্মাননা দেওয়া প্রশংসার।’

বিএইচআরবি সভাপতি সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা এবং মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক বিতরণ হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক দেওয়া হয়। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খানকে পদক ও সম্মাননা দেওয়া হয় ব্যক্তি ক্যাটাগরিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত