১১ জানুয়ারি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৫৪তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইউনুছ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং আব্দুল করিম (নাজিম) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পুনর্নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিল্পপতি ও ব্যবসায়ী ইউনুছ তিন দশক কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, অ্যাগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লি., ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। অপর ভাইস চেয়ারম্যান আব্দুল করিম (নাজিম) তিন দশক যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি লন্ডন টি এক্সচেঞ্জ বিডির চেয়ারম্যান। বিজ্ঞপ্তি
