কুষ্টিয়ায় হানিফ

বিএনপি মিথ্যাচার করে খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:০৬ এএম

জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিক্কৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটি সময়ই বিএনপি নিয়ে কথা বলে তারা। জনধিক্কৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। গতকাল শুক্রবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এসব কথা বলেন। 

হানিফ বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দ-প্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা সহিংসতা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থসহ মোট ৫৪ জন গণমাধ্যম কর্মীকে এই অনুদানের চেক তুলে দেন হানিফ। এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ কুমারখালী খোকসা আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত