শিক্ষামন্ত্রী বললেন

নতুন কারিকুলাম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:০৮ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই হচ্ছে অন্যতম হাতিয়ার। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।

গতকাল শুক্রবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলো দেশের উন্নয়নে উল্লেখযোগ্য তেমন কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত