অবশেষে অচলাবস্থা কাটতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগের। কঠোর অবস্থান থেকে সরে আসছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি বাস্তবায়নে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের আশ্বাসে রবিবার থেকে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এর মধ্য দিয়ে আদালতে চলমান দীর্ঘ জটের অবসান হতে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির একটি সূত্র জানায়, আগামী রবিবার থেকে আদালতে যাবেন তারা। এক্ষেত্রে অপসারণ দাবি করা দুই বিচারকের আদালতে তারা যাবেন না। বৃহস্পতিবার রাতে রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আইনজীবীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আইনজীবীদের তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আগামীকাল রবিবার থেকে আইনজীবীরা আদালতে যাবেন। তবে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বদলির আগ পর্যন্ত তাদের আদালত বর্জন অব্যাহত থাকবে। এ ছাড়া নাজিরকে দ্রুত সময়ের মধ্যে বদলি করা হবে। আজ আইনজীবী সমিতির সাধারণ সভা করে সব আইনজীবীর সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের আইনমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতারা। এসময় ঢাকার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
