রিকশাচালককে গুলি করে হত্যার ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:১৮ এএম

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি। গতকাল শনিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া মহল্লার আনোয়ার উদ্দিন (৩৫), ইব্রাহিম হোসেন (২৬) ও সাকিবুর ইসলাম সাকিব (১৭)।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ৪ জানুয়ারি রাতে ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি এলাকায় ভটভটি ও পিকআপের সংঘর্ষে পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। তার ক্ষতিপূরণ আদায় করা নিয়ে স্থানীয়দের সঙ্গে আনোয়ারের শ্যালক সুজনের কথা-কাটাকাটি হয়। সুজন ফোনে তার দুলাভাই আনোয়ার উদ্দিনকে জানালে তিনি তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আনোয়ারের গুলিতে রিকশাচালক মামুন মারা যায়। ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত তিনদিনে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আরামবাড়িয়া থেকে আনোয়ার, পাকশী থেকে ইব্রাহিম ও রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃত আনোয়ার এর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় চুরি, মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ইব্রাহিম হত্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত