নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আব্দুল হালিম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে। সোহাগ ফতুল্লার পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি সাউপাড়া এলাকার শাহজাহানের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, রায়ের পর থেকে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত সোহাগকে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে আব্দুল হালিমকে ফতুল্লার শাসনগাঁওয়ে ডেকে নিয়ে আসামিরা পাঁচ টুকরো করে হত্যা করে। ঘটনার পরদিন হালিমের ছোট ভাই শামীম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৮ সালের ১৮ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামি সোহাগসহ চারজনকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
