ময়মনসিংহের ভালুকায় বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতি ও শুক্রবার দুদিনে প্রায় ১৫টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ।
জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে ছাহেদ আলী পাঠান গংয়ের সঙ্গে প্রতিবেশী মৃত আশরাফ আলীর ছেলে আবদুছ ছাত্তার ও জয়নাল গংয়ের ২ একর ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। গত বৃহস্পতি ও শুক্রবার জয়নাল ও আবদুছ ছাত্তার গংয়ের পক্ষের সাদেক ও রশিদের নেতৃত্বে ১০-১২ জন মিলে ওই জমি থেকে আকাশমণি, মেহগনি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির ১৫-১৬টি গাছ জোরপূর্বক কেটে ট্রাকে ভরে নিয়ে যায়। ছাহেদ আলী পাঠান বলেন, ‘১০-১২ সন্ত্রাসী নিয়ে দুদিনে আমার দেড় লাখ টাকার গাছ ছাত্তার ও জয়নাল গং কেটে নিয়ে গেছে।’
অভিযোগের বিষয়ে আবদুছ ছাত্তারের ছেলে সাদেক বলেন, ‘আমাদের গাছ আমরা কেটেছি।’
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
