প্রবীণ হিতৈষী সংঘের অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ এএম

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) বর্তমান নেতাদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংগঠনের সদস্যরা বলেছেন, গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বর্তমান সভাপতি আব্দুল মান্নান ও মহাসচিব আমির হোসেন মোল্লা আর্থিক হিসাব সঠিকভাবে না বুঝিয়ে চলে যান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রচার প্রকাশনা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওসমান গনি বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে প্রবীণ সংঘের এজিএম ডাকা হয়। এরপর কোনো হিসাব না বুঝিয়ে দিয়ে তারা চলে যান। এ ছাড়া তারা ভুয়া ভাউচার দিয়ে এ প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।’

প্রবীণ হিতৈষী সংঘের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস খান বলেন, ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ৪ কোটি ৭০ লাখ টাকার দুটি এফডিআর মেয়াদ পূর্তির আগেই ভেঙে তছরুপ করেছেন সভাপতি আব্দুল মান্নান ও মহাসচিব আমির হোসেন মোল্লা। তাদের অনিয়মের শেষ নেই। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ৫-১০ লাখ টাকা ঘুষ নিয়ে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে বিপুল পরিমাণ টাকা অর্থবাণিজ্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গায়ের জোরে আমির হোসেন মোল্লাকে মহাসচিবের পদে বসিয়ে প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছেন সভাপতি আব্দুল মান্নান। ২০২১ সালে করোনায় মারা যান প্রতিষ্ঠানের নির্বাচিত মহাসচিব ডা. এন্তাজুল হক। এরপর ষড়যন্ত্র করে নির্বাচিত যুগ্ম মহাসচিব ডা. সুলতান হোসেনকে পদ থেকে সরানো হয়। সভাপতি আব্দুল মান্নান আমির হোসেন মোল্লাকে সদস্য হিসেবে কোঅপ্ট করে মহাসচিব বানান, যা কোনো নিয়মের মধ্যে পড়ে না।’

আরেক সদস্য ওসমান গণি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রবীণ ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা কোনো সংগঠনে এতটা দুর্নীতি বিগত দিনে আমাদের চোখে পড়েনি।’

১৯৬০ সালে ডা. এ কে এম আবদুল ওয়াহেদ রাজধানীর ধানম-ির নিজ বাড়িতে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠা করেন। পরে এটি ১৯৮৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আগারগাঁওয়ে আসে। ১৯৯৮ সালে ৫০ শয্যার হাসপাতাল হয়। বর্তমানে এর অধীনে সারা দেশে জেলা-উপজেলায় প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু আছে। সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদানসহ বিভিন্ন অনুদান ও নিজস্ব আয়ে চলছে এটি। এদিকে ১৯৮১ সালে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় প্রায় এক একর জমি ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিনকে (বাইগাম) বরাদ্দ দেয়।

আগামী ১১ ফেব্রুয়ারি প্রবীণ হিতৈষী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২ হাজার ৯৫৭ জন সদস্য ভোট দিয়ে নতুন নেতা নির্বাচন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত