কিছুদিন আগেই বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ। তারপর সেই পিঁড়িতে বসেছিলেন শান মাসুদ। তাতেও শেষ ক্রিকেটারদের বিয়ের মৌসুম। এবার বিয়ে করতে চলেছেন অলরাউন্ডার শাদাব খান। পাত্রী দেশটির কিংবদন্তি অফ স্পিনার সাকলায়েন মুশতাকের মেয়ে।
ইনস্টাগ্রাম ও টুইটার পোস্টে বিয়ের খবর নিজেই জানিয়েছেন শাদাব। পাত্রীর বিষয়ে ধারণা দিতে শাদাব লেখেন, ‘আমি আমার মেন্টর সাকি ভাইয়ের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে একান্তে জীবন কাটাতে চায়।’
স্ত্রী ও পরিবারের সদস্যদের গোপনীয়তায় সম্মান দেখানোর জন্য অনুসারীদের অনুরোধ করেছেন শাদাব। তবে মজা করে এও লেখেন যে কেউ উপহার পাঠাতে চাইলে তিনি নিজের অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেবেন।
শাদাব অবশ্য পাত্রীর নাম বা সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক কী উল্লেখ করেননি। তবে পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের খবরে পাত্রী সাকলায়েনের মেয়ে বলে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিয়ে-পর্ব এখানেই শেষ হচ্ছে না। আগামী ৩ ফেব্রুয়ারি শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ের দিন ধার্য আছে।