কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বৈশাখী টিভি। গতকাল সেমিফাইনালে ডিবিসিকে ১-০ গোলে হারানো চ্যানেল আই এবং কালবেলাকে ৩-০ গোলে গোলে হারানো বৈশাখী টিভি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়। ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বৈশাখী টিভি। তাদের রাকিব হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বিএসজেএ সভাপতি এটিএম সাঈদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান।
