জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে গেলে আজকের পত্রিকা ও ভোরের কাগজের দুই সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেন ওই ভূমি কর্মকর্তা। গত বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন দুই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান বলেন, ‘মুক্তা বেগম নামে এক নারী অভিযোগ করেন তার ৫ শতাংশ জমি খারিজ করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম ৬ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এ বিষয়ে জানতে আমরা ওই কর্মকর্তার অফিসে গেলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “কে অভিযোগ করেছে তার নামে মানহানি মামলা করব। আমার অফিসে সাংবাদিক এলে ইউএনও অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি নিয়ে আইছোস কি তোরা?” এক পর্যায়ে তিনি উঠে এসে আমাদের দুজনকে ধাক্কা দিয়ে বের করে দেন।’
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে এমন কোনো ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন ছানাউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ওই কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলার মহিরাকুল মোড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
