১ লিটার ডিজেল ২৬২ রুপি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:০৪ পিএম

পাকিস্তান ডিজেল-পেট্রলের দাম ৩৫ রুপি বাড়ানো হয়েছে। দেশটিতে এখন এক লিটার ডিজেলের (হাই্ স্পিড) দাম ২৬২ রুপি ৮০ পয়সা। আর এক লিটার পেট্রলের দাম ২৪৯ রুপি ৮০ পয়সা। দাম বেড়েছে কেরোসিন ও লাইট ডিজেল অয়েলেরও। কেরোসিনের দাম হয়েছে লিটারপ্রতি ১৮৯ রুপি ৮৩ পয়সা এবং লাইট ডিজেল ১৮৭ রুপি।

গতকাল রবিবার (২৯ জানুয়ারি) নতুন দাম চালু করার ১০ মিনিট আগে পাকিস্তানের অর্থমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন জানাচ্ছে, পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা বেড়েছে। ডলারের তুলনায় রুপির দাম কমেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে যতটা কম সম্ভব দাম বাড়ানো হয়েছে। গত চার মাসে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। তেল ও গ্যাস সংক্রান্ত রেগুলেটরি কর্তৃপক্ষ ইতিমধ্যেই দাম বাড়ানোর সুপারিশ করেছে। তারপর কিছু জায়গা পেট্রল-ডিজেল মজুদ করে রাখার রিপোর্ট পাওয়া গেছে। তাই তাড়াতাড়ি দাম বাড়ানো হয়েছে।

তবে পেট্রল-ডিজেলের দাম বাড়ার পরও সব জায়গায় তা পাওয়া যাচ্ছে না। যেহেতু পাকিস্তানের হাতে বিদেশি মুদ্রা কম আছে, তাই যথেষ্ট পরিমাণ তেল আমদানি করা যাচ্ছে না। পাকিস্তানে এভাবে পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর ফলে দুটি রেকর্ড হয়েছে। পেট্রলের দাম কখনো আগে এত বেশি ছিল না। আর একধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম ৩৫ রুপি বাড়ানোও রেকর্ড। গত এপ্রিলে যখন এই সরকার দায়িত্ব নেয় তখন পেট্রলের দাম ছিল লিটারপ্রতি ১৫০ রুপি ও ডিজেল ১৪৫ রুপি।

সর্বশেষ সর্বাধিক পঠিত