তেঁতুলিয়ায় নদী থেকে পাথর বালু উত্তোলন চলছেই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০১:০৭ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গর্ত করে আবার কোথাও পাথর উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। ফলে নদী হারাচ্ছে তার চিরচেনা রূপ। নষ্ট হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। দিন দিন নদীর গতিপথ পাল্টে যাচ্ছে। সেই সঙ্গে বিলীন হচ্ছে নদীসংলগ্ন এলাকার ব্যক্তিগত জমি ও বাগান। বর্ষার পরই নদীর পানি কমে অসংখ্য চরের সৃষ্টি হচ্ছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের লোহাকাচি, বালাবাড়ি, শিলাইকুঠি, হারাদিঘিসহ বিভিন্ন এলাকায় ডাহুক নদীতে এক্সাভেটর, কোদাল, বেলচা, ছেনি দিয়ে নদীতে গর্ত করে লোকজন বালু ও পাথর তুলছেন। এতে করে নদীতে কমছে পানিপ্রবাহ।  এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শ্রমিকদের দিয়ে ডাহুক নদী ও নদীসংলগ্ন খাসজমি থেকে পাথর ও বালু উত্তোলন করছেন। শ্রমিকদের নামমাত্র মজুরি দিয়ে মোটা অঙ্কের ফায়দা লুটছেন তারা। এতে করে পরিবেশ যেমন হুমকির মুখে পড়েছে তেমনি নদী গতিপথ হারানোর কারণে প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ছে।বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বালাবাড়ি এলাকার আফরোজা বেগম বলেন, ডাহুক নদীর বিভিন্ন এলাকায় যেভাবে পাথর তোলা হয় তাতে আমার মনে হয় এটা কোনো নদী নয়, পাথর কোয়ারী এলাকা। নদীকে ধ্বংস করে যেভাবে পাথর তোলা হচ্ছে প্রশাসনের কেউ কি দেখছেন না? এভাবে নদী থেকে পাথর তুললে তো নদী আর নদী থাকবে না। চরে পরিণত হয়ে মরা নদীতে পরিণত হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, নদীর কোথাও বিক্ষিপ্তভাবে পাথর তোলার সুযোগ নেই। আমরা পাথর তোলা বন্ধ করার জন্য প্রচারণা চালিয়েছি। ওই এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর কিছু কখনোই বরদাশত করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত