দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না। দুর্নীতি করে কেউ পার পাবে না। আমাদের সংবিধানেরও মেসেজটা এমন যে, রাষ্ট্র এমন অবস্থার সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত অর্থ কেউ যেন ভোগ করতে না পারে। সে লক্ষ্যেই দুদক সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক সচিব এসব কথা বলেন।
দুদক সচিব বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক মনোভাব নিয়ে কাজ করব। প্রত্যেকটি পদক্ষেপের ফলোআপ করে দুর্নীতিবাজরা যাতে ঝরে যায় সেটাই আমরা করব।
প্রধান অতিথি বলেন, গুরুতর অভিযাগগুলো আমলে নিয়ে দুদকের আইন ও নিয়মানুযায়ী পর্যবেক্ষণ ও অনুসন্ধান করা হবে এবং কমিশনের সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির কোথাও কোনো সুযোগ নেই। যে যেই ধর্মেরই হোন না কেন, কেউ কিন্তু দুর্নীতিকে সাপোর্ট করে না। কোনো অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত দেশের জনগণ যতদিন সেবাটি না পাবে ততদিন দুদক আপনাদের সঙ্গেই আছে, থাকবে।
