রাশিয়া বড় আক্রমণের পরিকল্পনা করছে। যুদ্ধের এক বছরপূর্তিতেই তা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তার ভাষ্য, মস্কো লাখ লাখ সেনা জড়ো করেছে এবং তারা গত বছরে আক্রমণের বর্ষপূর্তিতে ‘কিছু করার’ চেষ্টা করতে পারে। এই আক্রমণ ২৩ ফেব্রুয়ারিও শুরু হতে পারে, রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক দেশের সেনাবাহিনীই দিনটিকে ‘পিতৃভূমি রক্ষার দিবস’ হিসেবে পালন করে আসছে। নতুন আক্রমণের জন্য মস্কো প্রায় পাঁচ লাখ সেনা জড়ো করেছে, রেজনিকভ এমনটাই ধারণা করছেন বলে জানিয়েছে বিবিসি। গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের ‘আঞ্চলিক অখণ্ডতা’ নিশ্চিত করার লক্ষ্যে তিন লাখের মতো নতুন সৈন্য সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। এদিকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে তুমুল লড়াই চললেও ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুনর্দখল করার পর থেকে সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রগুলো মোটামুটি স্থিতিশীলই আছে। এ সময়ের মধ্যে রাশিয়া কেবল ছোট তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখল করতে পেরেছে। কিন্তু বসন্তে এই পরিস্থিতি পাল্টাবে বলে অনেকেই ধারণা করছেন। তাদের অনুমান, আবহাওয়া অনুকূলে এলে রাশিয়া বড়সড় আক্রমণে নামবে।
×
