এক গম্বুজবিশিষ্ট দেশের বৃহত্তম মসজিদ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ এএম

ময়মনসিংহ জেলা সদরে প্রায় ১২৫০ একর জায়গাজুড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সবুজ শ্যামলে ভরপুর ক্যাম্পাসে ঢুকলেই কৃষি অনুষদের পাশে চোখে পড়ে বৃহৎ মিনারের দৃষ্টিনন্দন মসজিদ। বিশ্ববিদ্যালয়ের অনন্য স্থাপত্যের মধ্যে এটি অন্যতম। মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী ক্যাম্পাসের সৌন্দর্যকে এক নতুন রূপ দিয়েছে। দেশের বৃহত্তর এক গম্বুজের মসজিদ এটি।

চতুর্ভুজ আকৃতির এই মসজিদের তিনটি অংশ রয়েছে। মূল ভবনটি মসজিদের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গাজুড়ে অবস্থিত। মূল ভবনে ২৬ কাতারে নামাজ পড়া যায়। মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি বারান্দা। বারান্দায় নামাজ পড়ার জন্য ১৩টি কাতার রয়েছে। মূল অংশ এবং বারান্দা মিলে ৩৯টি কাতারে প্রায় ৪ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মূল মসজিদের ঠিক মধ্যখানে ১২টি পিলারের ওপর স্থাপিত একটি সুবিশাল গম্বুজ, যেটিকে দেশের এক গম্বুজের মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ গম্বুজ বলে জানা যায়। এটিই মূলত এই মসজিদের স্থাপত্যশৈলীর সবচেয়ে আকর্ষণীয় দিক। গম্বুজের ওপর রয়েছে একটি অর্ধ চাঁদ।

মসজিদের আঙিনাকে মূল ক্যাম্পাস থেকে পৃথক করার জন্য চারধারে রয়েছে দৃষ্টি আকর্ষণীয় দেয়ালে ঘেরা তিনটি করিডর, যা মসজিদের বারান্দার একপাশ থেকে শুরু হয়ে অন্যপাশে গিয়ে শেষ হয়েছে। এসব করিডরে রয়েছে দৃষ্টিনন্দন বাগানবিলাস ফুলের সমারোহ, যা মসজিদটিতে এনে দিয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য। মসজিদের বারান্দায় প্রবেশ করার জন্য পূর্ব পাশে দুটি, উত্তর এবং দক্ষিণে দুটিসহ চারটি দরজা রয়েছে। এরপর বারান্দা থেকে মসজিদটির মূল ভবনে প্রবেশ করতে আটটি দরজা রয়েছে। এ ছাড়া মসজিদের পশ্চিম পাশে মুসল্লিদের অজু করার জন্য রয়েছে একটি অজুখানা। পূর্ব পাশে রয়েছে একটি বিস্তৃত খোলা মাঠ।

মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮৩ খ্রিস্টাব্দে। সে বছরের ৩০ এপ্রিল মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম মুহাম্মদ আমীনুল হক। দুই বছর পর ১৯৯৫ সালে ২ জুন মসজিদটির উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. শাহ মোহাম্মদ ফারুক।

মসজিদটিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও শুক্রবার জুমার নামাজ পড়া হয়। শুক্রবার মসজিদটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। শিক্ষক এবং শিক্ষার্থীতে মসজিদটি ভরে ওঠে কানায় কানায়। জুমা ছাড়াও বৃহৎ পরিসরে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত