যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপোর’ আয়োজন করা হয়েছে। পূর্ব লন্ডনে গত মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই এক্সপোর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ভিডিও বার্তায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের যুক্তরাজ্যে ব্যবসা ও বাজার সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডন মিশন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।
এক্সপো উপলক্ষে হাইকমিশন আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেহের আফরোজ চুমকি বলেন, ‘ব্যবসার ক্ষেত্রেও নারীরা আজ পিছিয়ে নেই। সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও আইসিটি মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) আয়োজিত ‘উই ট্রেড মিশন টু ইউকে’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে দেশের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার ফলেই আজ বাংলাদেশের নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য সফরে এসে তাদের ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সঙ্গে বৈঠক ও নেটওয়ার্কিং করার এবং লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন।’
