দুই কোটি টাকার সোনা গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮ এএম

দুটি পৃথক অভিযানে ২০টি সোনার বিস্কুট (গোল্ড বার), ৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকায় ঢাকা ও সিলেট থেকে আসা দুটি নৈশকোচে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুজন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টরা বিকেলে সাংবাদিকদের জানান, ২০টি সোনার বিস্কুটের ওজন ২ কেজির ওপরে। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশকোচ নাবিল পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় মানিকগঞ্জের সিংগাইর ইউনিয়নের গোবিন্দল গ্রামের আব্দুর রহিম (২৫) ও একই এলাকার মোহাম্মদ উল্লাহর (২৬) শরীর তল্লাশি করা হয়। এতে আব্দুর রহিমের কাছে ১৫টি ও মোহাম্মদ উল্লাহর কাছ থেকে ৫টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। এগুলো তাদের কোমরে পলিথিন দিয়ে মোড়ানো ও বাঁধা ছিল। উদ্ধার সোনার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা পাচারকারী দুজন জানান, ১০ হাজার টাকার চুক্তিতে তারা এই সোনাগুলো ঠাকুরগাঁওয়ে একজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সোনা উদ্ধার এবং তাদের গ্রেপ্তারের পর নীলফামারীর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একই স্থানে সিলেট থেকে আসা পঞ্চগড়গামী নৈশকোচ সাগরিকা পরিবহনের দুই নারী যাত্রীকে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ওই নারীদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন বাঘেরহাটের শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালীর হাবিবা (৩৫) ও পঞ্চগড় সদরের জালাসী এলাকার সুমি (৩২)।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লিখিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের আটকে সফল হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত