পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের সুবিধার্থে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারি খালের সব ধরনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নের কৃষকরা।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
এসময় কৃষকরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের ইজারা বাতিল করে সরকারি খাল কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষি কাজে সহযোগিতা করতে হবে। কেননা এই নীলগঞ্জ ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়। খালের ইজারা বাতিল করা না হলে অচিরেই লোনা পানির কারণে কৃষিকাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন, নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতির সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আলাউদ্দিন শিকদার, ইমন আল আহসান প্রমুখ।
