টাঙ্গাইল জেলা ছাত্রদলের নেতা এবং মামলার বাদীকে মৃত্যুর জন্য দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সীমান্ত সরকার পরিমল (৪৫) নামে এক ব্যবসায়ী।
টাঙ্গাইল শহরের ঘারিন্দা রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিমল ট্রেনের নিচে ঝাঁপ দেন। পরিমল টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়ার পলান সরকারের ছেলে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেন জানান, তার কাছ থেকে পরিমল ৩৫ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন হলেও সেই টাকা পরিশোধ না করে তাকে না জানিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি জানতে পেরে পরিমলের স্ত্রীকে টাকা না দিতে পারলে ব্যবসাপ্রতিষ্ঠানটি তার নামে লিখে দিতে বলেন। রবিবার (গতকাল) অথবা সোমবার (আজ) সেই প্রতিষ্ঠান লিখে দেওয়ার কথা ছিল।
