সাগরে মাছধরা ট্রলারে ডাকাতি ৯ জেলে নিখোঁজ, আহত ২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩ এএম

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামের একটি মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রাণরক্ষায় সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন ৯ জেলে। ডাকাতদের গুলিতে খোকন (৪২) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া কুপিয়ে জখম করা হয়েছে মধু (৩০) নামের আরও এক জেলেকে।

গত শনিবার রাত ২টার দিকে বঙ্গোসাগরের সোনারচরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার তালতলী ও নলী এলাকায়। আহত দুই জেলেকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়েছে।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক মনির হোসেন জানান, শনিবার বিকেল ৪টায় ট্রলারটি মহিপুর থেকে ১৮ জেলেসহ বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয়। রাত ২টার দিকে সোনারচরসংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাতরা গুলি ছুড়ে ট্রলারে উঠে পড়ে। এ সময় ৯ জেলে সাগরে ঝাঁপ দেন। ডাকাতদের গুলিতে এক জেলে আহত হন। এ ছাড়া তারা এক জেলেকে কুপিয়ে জখম করে। বাকি জেলেদের ট্রলারের ডোপে (মাছ রাখার স্থান) আটকে রেখে ডাকাতরা মালামাল লুট করে। পরে পেছন থেকে দুটি ট্রলার এলে  ডাকাতরা তাদের ট্রলার নিয়ে চলে যায়।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে জলদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি জলদস্যুদের আইনের আওতায় আনার অনুরোধ জানান।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনা আমাদের এলাকার মধ্যে না। তারপরও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত