সাভারে মেজর পরিচয়ে প্রাইভেট কার নিয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে জুবায়ের চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি র্যাবের হাতে আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা তিন ব্যক্তি পালিয়ে যায়। গতকাল রবিবার দুপুরে জুবায়েরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার রাত ১১টার দিকে নবীনগর এলাকা থেকে জুবায়েরকে আটকের পর মামলা করে র্যাব-৪। তিনি ফরিদপুরের চরভদ্রাশন থানার চার ফকিরডাঙ্গী এলাকার মৃত কাদের চৌধুরীর ছেলে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
