চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। যদিও দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার ব্যাপারে আপত্তি জানিয়েছে। গত শুক্রবার রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ কথা জানিয়েছেন। গুচ্ছে থাকার ব্যাপারে আপত্তি জানালেও শেষ পর্যন্ত গুচ্ছে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র।
গুচ্ছ পরীক্ষা নিয়ে উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। গত শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্র্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি না, সে বিষয়ে পরে সভায় আলোচনা করে জানানো হবে।
সভার বিষয়ে জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘সভায় বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হলেও আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। গুচ্ছে থাকার বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা থাকবে বলে আশা করছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
