শহীদ মিনারে জুতা পায়ে অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জামালপুরের মেলান্দহে শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অধ্যক্ষ আবু সাইদ সাদা। তিনি মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনারে যান আবু সাইদ সাদা। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফুল দেন। ফুল দেওয়ার সময় ফটোসেশন করতেও দেখা যায় তাকে। এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ আবু সাইদ সাদা মুঠোফোনে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। তাড়াহুড়ার কারণে খেয়াল করতে পারিনি। এটা ভুল হয়েছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, ‘উনি জুতা পায়ে উঠে থাকলে এটা মারাত্মক অপরাধ করেছেন। এটা ক্ষমার অযোগ্য। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত